নিজস্ব প্রতিনিধি, কাঁঠালিয়া:
মাত্র ২০০ টাকা না পেয়ে বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেছে এক মূক ও বধির তরুণ। ঘটনাটি ঘটেছে সেপাহিজলা জেলার মেলাঘর থানাধীন খাস চৌমুহনী এলাকায়। নিখোঁজ তরুণের নাম হৃদয় দাস (১৯)। গত মঙ্গলবার থেকে তার কোনো খোঁজ না মেলায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হৃদয় দাস আকার-ইঙ্গিতের মাধ্যমে মায়ের কাছে ২০০ টাকা চেয়েছিল। কিন্তু পারিবারিক আর্থিক সমস্যার কারণে বাবা উত্তম দাস সেই টাকা দিতে পারেননি। এরপর অভিমান করে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় হৃদয়। তারপর থেকে আর তার কোনো সন্ধান মেলেনি।

হৃদয় জন্মগতভাবে মূক ও বধির হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়ার পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়েও তার কোনো হদিস পাওয়া যায়নি।
অবশেষে বৃহস্পতিবার মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন হৃদয়ের বাবা-মা। থানায় এসে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা। দ্রুত হৃদয়কে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। কেউ যদি হৃদয় দাসের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে ৮৭৯৮১০৮০৫৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

একটি ছোট্ট তথ্য বা সচেতন উদ্যোগই হয়তো ফিরিয়ে দিতে পারে এক অসহায় মায়ের সন্তানকে।
