সাব্রুমে নাবালিকার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল

সাব্রুম প্রতিনিধি, দুরন্ত টিভি : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত ছোটখিল বিজয়নগর এলাকায় ১৫ বছরের এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম অপ্সরা গড় (১৫), তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাঁর পিতা সুকান্ত গড়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। গত রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যুর খবর থানায় পৌঁছানোর পর পুলিশ ঘটনাটির তদন্তে নামে। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় বিলোনিয়া জেলা সদর থেকে একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছেন।

সাব্রুম থানার এসআই কানু রঞ্জন দেব জানান, ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!