কাঁঠালিয়া প্রতিনিধি, দুরন্ত টিভি: সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে উত্তম নম নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

নিহতের দুই ছেলে রয়েছেন—উৎপল নম (২৫) ও চয়ন নম (২২)। ঘটনার সময় তাঁদের অবস্থানসহ হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। হত্যার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনায় জড়িত, তা জানতে তদন্ত চলছে।
ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

