তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়া থানার জারুইলং বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৭০ বছর বয়সী প্রমোদ দাসের। ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই ঘণ্টা অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রমোদ দাসকে গুরুতর আহত অবস্থায় জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তের স্বার্থে এক স্থানীয় যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, নিরপরাধ একজনকে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে সোমবার রাত প্রায় ১০টা থেকে জারুইলং বাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়।
অবরোধের জেরে জাতীয় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পণ্যবাহী লরি, যাত্রীবাহী বাস ও ছোট গাড়িসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রোহন কিসান এবং পরে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ। স্থানীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া যুবককে আপাতত ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর রাতেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
