জোলাইবাড়ীতে ফের ‘নিকো বাণিজ্য’-এর অভিযোগে তোলপাড়, টেন্ডার ঘিরে ঠিকাদারের বাড়িতে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দুরন্ত টিভি:
দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজকে ঘিরে ফের উঠল ‘নিকো বাণিজ্য’-এর বিস্ফোরক অভিযোগ। মুখ্যমন্ত্রী বারবার কাটমানি, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিলেও, সেই নির্দেশকে উপেক্ষা করেই এলাকায় প্রভাব খাটিয়ে সরকারি কাজ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগের তীর বাইখোড়ার চড়কবাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ শীল, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনীন্দ্র বিশ্বাস, বিধান মিত্র-সহ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও গুণগত মান প্রশ্নের মুখে পড়ছে।

স্থানীয় ঠিকাদার সুপ্রিয় দত্তের পরিবারের অভিযোগ, একটি সরকারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে টেন্ডার তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। বাধা পেয়ে তাঁরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ। এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন।

সুপ্রিয় দত্তের ভাই বলেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে কাজ করে আসছে। দেশের সেবায় তাঁদের পরিবারের একজন সদস্য শহীদও হয়েছেন। অথচ আজ একটি সরকারি টেন্ডারকে কেন্দ্র করে তাঁদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকতে হচ্ছে।

ঘটনার পর থেকেই জোলাইবাড়ী এলাকায় ক্ষোভ বাড়ছে। সাধারণ মানুষের প্রশ্ন, যদি সরকারি কাজের টেন্ডার নিয়েও প্রভাব খাটানোর অভিযোগ ওঠে, তবে স্বচ্ছ প্রশাসনের দাবি কতটা বাস্তব? অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রশাসন ও শাসক দল কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!