নিজস্ব প্রতিনিধি, কাঁঠালিয়া: সিপাহিজলা জেলার উত্তর মহেশপুর এলাকায় একটি মুরগির খামারে বিষধর মনোকলড কোবরা (Monocled Cobra) ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ উত্তর মহেশপুরের বাসিন্দা সুভাষ দাসের বাড়ির খামারে সাপটি প্রবেশ করে কয়েকটি মুরগি মেরে ফেলে এবং দুটি মুরগির ছানা ভক্ষণ করে বলে পরিবারের দাবি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যরা অ্যানিমেল এইড অ্যালায়েন্স (A.A.A), সিপাহিজলা জেলা-র সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে-র সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে নিজেদের ব্যস্ততার মধ্যেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা সতর্কতার সঙ্গে বিষধর সাপটিকে উদ্ধার করেন।
সাপ উদ্ধারের পাশাপাশি পরিবারের সদস্যদের ভবিষ্যতে মুরগির খামার ও গৃহপালিত পাখিকে সাপের আক্রমণ থেকে সুরক্ষিত রাখার বিভিন্ন পরামর্শও দেন উদ্ধারকারীরা। পরে উদ্ধার হওয়া মনোকলড কোবরাটিকে তৃষ্ণা অভয়ারণ্যের একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
অ্যানিমেল এইড অ্যালায়েন্সের সদস্যদের দাবি, অসীম মজুমদার ও লকাই দে ইতোমধ্যে ২৫০টিরও বেশি সাপ সফলভাবে উদ্ধার করেছেন। তাঁদের এই ধারাবাহিক কাজের ফলে এলাকাবাসীর মধ্যে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি যেকোনো সাপ উদ্ধার বা বন্যপ্রাণী-সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে মানুষ এখন তাঁদের ওপরই আস্থা রাখছেন।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সাপ দেখলেই হত্যা না করে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়াই সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত পদক্ষেপ। এতে মানুষ ও বন্যপ্রাণী—উভয়েরই সুরক্ষা নিশ্চিত হয়।
