বিদ্যুৎ বিল বৃদ্ধি, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তেলিয়ামুড়ায় কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

তেলিয়ামুড়া প্রতিনিধি | দুরন্ত টিভি:

রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং স্মার্ট (প্রিপেইড) মিটার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা কংগ্রেস কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বিদ্যুৎ পরিষেবার নানা ত্রুটি, লাগাতার বিদ্যুৎ বিভ্রাট, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং স্মার্ট (প্রিপেইড) মিটার চালুর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব বিষয়ে বর্তমান রাজ্য সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তারা।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি অতনু রায়সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সোমবার তেলিয়ামুড়ায় প্রিপেইড বিদ্যুতের রিচার্জ সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে সৃষ্ট জনভোগান্তির প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর অভিযোগ, সার্ভার বিভ্রাটের জেরে বহু গ্রাহক সময়মতো রিচার্জ করতে না পেরে দীর্ঘ সময় বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হন। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে বলেও তিনি দাবি করেন।

কংগ্রেস নেতৃত্বের দাবি, বিদ্যুৎ পরিষেবার ত্রুটি দ্রুত দূর করতে হবে, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে আনতে হবে এবং স্মার্ট মিটার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া উদ্বেগের স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমাধান করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন দলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!