তিন বছর পরও মিলল হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল মধুপুর থানা

বিশালগড় প্রতিনিধি | দুরন্ত টিভি:

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেল মধুপুর থানা। উদ্ধার হওয়া ছয়টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আইপিএস বিকাশ সিন্থিয়া এবং মধুপুর থানার ওসি উজ্জ্বল চৌধুরী।

জানা যায়, মধুপুর থানার অধীন বিভিন্ন এলাকার ছয়জন যুবকের মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে যায়। কারও মোবাইল বাড়ি থেকে চুরি হয়, আবার কেউ কর্মস্থলে যাওয়ার পথে যানবাহনে মোবাইল হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজির পর মোবাইলের সন্ধান না পেয়ে প্রত্যেকেই মধুপুর থানায় আইএমইআই নম্বরসহ লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশের ধারাবাহিক তদন্ত ও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে কিছু প্রায় তিন বছর, কিছু দুই বছর এবং কিছু এক বছরেরও বেশি সময় আগে হারিয়ে গিয়েছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রকৃত মালিকরা। তাঁরা মধুপুর থানার পুলিশ এবং তদন্তকারী আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মধুপুর থানার এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!