ডেস্ক রিপোর্ট| দুরন্ত টিভি ওয়েব:
কলকাতায় সুরনন্দন ভারতীর উদ্যোগে আয়োজিত ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ স্মারক অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত হলেন আগরতলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুদীপ্ত শেখর মিশ্র। গত ৪ জুলাই কলকাতার ইন্দুমতী সভাগৃহে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে ড. ভূপেন হাজারিকা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সুদীপ্ত শেখর মিশ্রের কণ্ঠে পরিবেশিত ‘শরৎ বাবু’ এবং ‘একখানা মেঘ ভেঙে এলো’ গান দুটি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। একই অনুষ্ঠানে আসামের বিশিষ্ট লেখক ও সঙ্গীতগুরু ড. বনজিৎ ভট্ট, তবলাশিল্পী পণ্ডিত কল্যাণ ডেকা এবং কলকাতার শিল্পী কমলিনী বড়ুয়া-কেও ড. ভূপেন হাজারিকা স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আসামের ধেমাজির শিক্ষাবিদ ও সঙ্গীতগুরু ড. বনজিৎ ভট্ট। ভূপেন হাজারিকার জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে তাঁর গবেষণার নানা দিক তুলে ধরে তিনি বলেন, ভূপেন হাজারিকার ব্যক্তিত্ব যেমন বহুমাত্রিক, তেমনি তাঁর সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনন্য। বক্তব্যের পাশাপাশি তিনি ‘সবার হৃদয়ে রবীন্দ্রনাথ’ গানটি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুরপ্রভা একাডেমির ছাত্রীরা। এছাড়া কমলিনী বড়ুয়া, জবা মুখোপাধ্যায়, অনন্যা চক্রবর্তী, সেজুতি রায় ও আসামের নওগাঁর বিজয় বিশ্বাস সঙ্গীত পরিবেশন করেন। অনামিকা চন্দ্রের পরিচালনায় বিভাতির ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত এবং শিশুশিল্পী অস্মিতা সাহুর সিনথেসাইজার পরিবেশনাও বিশেষভাবে প্রশংসিত হয়। শিল্পী অরিজিতা দাসের আঁকা ড. ভূপেন হাজারিকার প্রতিকৃতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
নৃত্যশিল্পী শ্রমণা চট্টোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যাশ্রমের ছাত্রীরা ভূপেন হাজারিকার গানের সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি বিশিষ্ট বাঁশিবাদক ও আইপিএস কর্মকর্তা পণ্ডিত ইন্দ্রজিৎ বসু ‘রুদালি’ ছবির একটি জনপ্রিয় সুর এবং পরে মল্লার রাগ পরিবেশন করে বৃষ্টিভেজা সন্ধ্যায় এক অনন্য আবহ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন সৌম্যদীপ চক্রবর্তী, পার্থ প্রতিম বোস, শঙ্কর মণ্ডল, জয়ন্ত চক্রবর্তী ও বিধান চন্দ্র রায়। ভূপেন হাজারিকার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন পণ্ডিত কল্যাণ ডেকা, সুরনন্দন ভারতীর সর্বভারতীয় সভাপতি ঋতীশ রঞ্জন চক্রবর্তী এবং দেবাশিষ সরকার।

এদিন ৫৩ বছর ধরে প্রকাশিত ‘রা’ পত্রিকার ড. ভূপেন হাজারিকা বিশেষ সংখ্যা এবং বিধান চন্দ্র রায়ের গ্রন্থ ‘পাষাণে কোমল হৃদয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুকমল দাস।
কলকাতার এই মর্যাদাপূর্ণ মঞ্চে আগরতলার শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের সম্মাননা প্রাপ্তি ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গৌরবের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
