নিউজ ডেস্ক, দুরন্ত টিভি: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় আক্রান্ত পরিবারগুলির দায়ের করা মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছে কদমতলা ও গন্ডাতুইসা ন্যায়বিচার মঞ্চ।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ ও ২০২৫ সালে আক্রান্ত পরিবারগুলির পক্ষ থেকে মোট ৭৭টি মামলা (কদমতলার ৩২টি এবং গন্ডাতুইসার ৪৫টি) রাজ্য মানবাধিকার কমিশনে দায়ের করা হয়। কমিশনের নির্দেশে তদন্তকারী আধিকারিকরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি ও সামগ্রিক পরিস্থিতির তদন্ত সম্পন্ন করেন। পাশাপাশি, সাক্ষীরাও কমিশনের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন।

মঞ্চের অভিযোগ, তদন্তসহ অধিকাংশ প্রক্রিয়া সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে মামলাগুলির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এর ফলে আক্রান্ত পরিবারগুলি মানসিক উদ্বেগ, অনিশ্চয়তা ও নানা ধরনের দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, বিচার বিলম্বিত হলে ন্যায়বিচারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি মানবাধিকার সুরক্ষার মূল লক্ষ্যও ক্ষুণ্ণ হয়।
স্মারকলিপিতে কমিশনের কাছে চার দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— জরুরি ভিত্তিতে ৭৭টি মামলার শুনানি গ্রহণ, অবশিষ্ট তদন্ত ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, স্বল্পতম সময়ের মধ্যে চূড়ান্ত আদেশ দিয়ে অভিযোগগুলির নিষ্পত্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ জারি করা।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, মানবাধিকার সুরক্ষার স্বার্থে কমিশন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, এদিন কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন কদমতলা ও গন্ডাতুইসা ন্যায়বিচার মঞ্চের প্রতিনিধি সেতাব উদ্দিন, সুরজিত বর্দ্ধন এবং সোহেল আহমেদ খান।
