দীর্ঘ প্রতীক্ষার অবসান, পশ্চিম খিলপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু


নিজস্ব প্রতিনিধি, দুরন্ত টিভি, উদয়পুর :
দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে প্রশাসনের উদ্যোগে কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে পুরো রাস্তা কাদায় ভরে যেত এবং নর্দমার জল উপচে পড়ায় যাতায়াত কার্যত দুঃসাধ্য হয়ে উঠত। প্রতিদিন স্কুল-কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, বৃদ্ধ-বৃদ্ধা এবং রোগীদের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে এই রাস্তা ব্যবহার করতে হতো।

এলাকাবাসীর দাবি, বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও অনুরোধের ভিত্তিতে পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিমন মিয়া মিদ্ধা এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। তাঁদের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তর অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে।

রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এলাকার বাসিন্দারা রাস্তা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে পশ্চিম খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিমন মিয়া মিদ্ধা এবং এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ জনসমস্যা সমাধানের পথে এগিয়ে গেল পশ্চিম খিলপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!