অযোধ্যার পর এবার বদ্রীনাথ ধামে দান-ভোগের অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে BKTC

ডেস্ক রিপোর্ট | দুরন্ত টিভি ওয়েব:

অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই এবার উত্তরাখণ্ডের পবিত্র বদ্রীনাথ ধামেও ভক্তদের দান ও ভোগের অর্থে অনিয়মের অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অভিযোগকে গুরুত্ব দিয়ে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC) একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এখনও পর্যন্ত অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত সত্য সামনে আসবে।

BKTC-র সভাপতি হেমন্ত দ্বিবেদী জানান, অভিযোগের নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের কাছ থেকেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি মন্দিরের আর্থিক নথি, প্রশাসনিক রেকর্ড এবং প্রয়োজন হলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দান সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে কোনও অনিয়ম বা অর্থ আত্মসাতের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি আইন, ১৯৩৯ অনুযায়ী বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভক্তদের আস্থা ও আর্থিক স্বচ্ছতার প্রশ্নে কোনও আপস করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এক কর্মীকে BKTC সভাপতির ‘ব্যক্তিগত সচিব’ বলে দাবি করা হলেও হেমন্ত দ্বিবেদী তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, মন্দির কমিটিতে ‘ব্যক্তিগত সচিব’ নামে কোনও অনুমোদিত পদই নেই।

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ নিয়ে তদন্ত চলার মধ্যেই দেশের আরেক গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে এমন অভিযোগ সামনে আসায় মন্দিরগুলির আর্থিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে বদ্রীনাথের ঘটনায় তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!