তেলিয়ামুড়া প্রতিনিধি | দুরন্ত টিভি ওয়েব:
ভেন্ডার জোনগুলিকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় তেলিয়ামুড়া পুর পরিষদ। পূর্বঘোষিত নোটিশ সত্ত্বেও যেসব ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে দোকান বা অস্থায়ী কাঠামো সরাননি, তাদের বিরুদ্ধে প্রশাসনের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়।

পুর পরিষদ সূত্রে জানা গেছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে কয়েকদিন আগেই সংশ্লিষ্ট সকল ভেন্ডারকে লিখিতভাবে জানানো হয়েছিল যাতে তারা সাময়িকভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেন। অধিকাংশ ব্যবসায়ী প্রশাসনের নির্দেশ মেনে সহযোগিতা করলেও, কয়েকজন ব্যবসায়ী নোটিশ অমান্য করে পূর্বের স্থানেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ফলে উন্নয়নমূলক কাজ শুরু করতে প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে।
অভিযানের পর তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, ভেন্ডারদের স্থায়ীভাবে উচ্ছেদ করা নয়, বরং তাদের জন্য আরও উন্নত, পরিকল্পিত ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ তৈরি করাই পুর পরিষদের মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই আগেভাগে নোটিশ দিয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়েছিল। তবে যারা নির্দেশ অমান্য করেছেন, তাদের বিরুদ্ধেই নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উন্নয়নমূলক কাজ শেষ হলে ব্যবসায়ীদের জন্য উন্নত পরিকাঠামো, সুশৃঙ্খল ভেন্ডার জোন এবং সাধারণ মানুষের জন্য আরও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা হবে। শহরের সৌন্দর্যায়ন ও নাগরিক পরিষেবার মানোন্নয়নে ভবিষ্যতেও পুর পরিষদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
