নিজস্ব প্রতিনিধি | দুরন্ত টিভি ওয়েব :
মেলাঘর থানাধীন তেলকাজলা এলাকায় এক নাবালিকাকে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পিন্টু ঘোষের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে হিন্দু নাগরিক সমাজ।
বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সভাপতি অরুণ হালদার মেলাঘর থানার পুলিশ এবং চাইল্ডলাইনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে যান। সেখানে তিনি ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন। পরে তিনি তেলকাজলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে নাবালিকার শিক্ষার বিষয়েও খোঁজখবর নেন।
সংগঠন সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকায় নিজেকে নিরাপদ মনে না করায় চাইল্ডলাইনের সহযোগিতায় নাবালিকার জন্য একটি নিরাপদ হোমের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু নাগরিক সমাজের রাজ্য সভাপতি অরুণ হালদার বলেন, কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। তাঁর দাবি, এমন সংবেদনশীল ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করে ভুক্তভোগীর পাশে দাঁড়ানোই সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যকর রয়েছে এবং অপরাধী যে-ই হোক, আইনের চোখে সবাই সমান। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে তেলকাজলা এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। নির্যাতিতার পরিবারের একমাত্র দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা এলাকা।
