উদয়পুর সহ তিন জেলা হাসপাতালে বসতে চলেছে আধুনিক MRI মেশিন

নিজস্ব প্রতিনিধি | দুরন্ত টিভি

ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর তহবিলের সহায়তায় রাজ্যে আসছে অত্যাধুনিক এমআরআই মেশিন, ডিজিটাল ম্যামোগ্রাফি টোমোসিন্থেসিস ইউনিট এবং এআই-সক্ষম পোর্টেবল হ্যান্ডহেল্ড এক্স-রে মেশিন।

এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MoU স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী ত্রিপুরা পাবে ৪৮টি এআই-সক্ষম পোর্টেবল হ্যান্ডহেল্ড এক্স-রে মেশিন, ৩টি MRI (১.৫ টেসলা) এবং ৩টি ডিজিটাল ম্যামোগ্রাফি টোমোসিন্থেসিস (ডিবিটি) ইউনিট।

এই অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামগুলি গোমতী জেলা, উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলা হাসপাতালে স্থাপন করা হবে। এর ফলে উন্নতমানের রোগ নির্ণয়, ক্যানসার স্ক্রিনিং এবং জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষা আরও সহজলভ্য হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে তিনি জানান।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে.পি. নাড্ডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করে তুলতে এই উদ্যোগ ত্রিপুরার চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

গোমতী জেলা হাসপাতালে এমআরআই বসানোর হলে সাব্রুম বিলোনিয়া অমরপুর গন্ডাছড়া সোনামুড়া বিশালগড়ের রোগীরা উপকৃত হবেন। এতে করে যেমন রোগীদের যাতায়াতের সুবিধা হবে তেমনি জিবি হাসপাতালে রোগীর চাপ কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!