ধর্মনগর সেন্ট্রাল রোডে দোকান উচ্ছেদের নির্দেশ, প্রায় ৯৬ হাজার টাকা আদায়ের পরোয়ানা

পার্থ সারথি দাস, ধর্মনগর, দুরন্ত টিভি:
ধর্মনগর শহরের ব্যস্ত সেন্ট্রাল রোডে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ এবং বকেয়া অর্থ আদায়ের নির্দেশ দিয়েছে ধর্মনগর সিভিল আদালত। আদালতের জারি করা চূড়ান্ত পরোয়ানায় দোকানঘর খালি করার পাশাপাশি প্রায় ৯৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সেন্ট্রাল রোডের বাসিন্দা কোহিনূর রায়ের দায়ের করা একটি টাইটেল স্যুট মামলার ভিত্তিতে ‘ওয়ারেন্ট ফর পজিশন’ বা দখল পুনরুদ্ধারের পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার আওতায় সেন্ট্রাল রোডের ‘মেসার্স নিউ পাদুকালয়’ নামে ব্যবসা প্রতিষ্ঠানটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নথিতে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী হিসেবে সুকুমার দেবনাথের নাম উল্লেখ রয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রায় ০.০২১ একর জমির উপর গড়ে ওঠা দোকানঘরটি খালি করে প্রকৃত মালিক তথা ডিক্রিদারের কাছে দখল বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে বকেয়া ভাড়া, সুদ ও মামলার খরচ বাবদ মোট ৯৫ হাজার ৫৬৩ টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের হিসাব অনুযায়ী, বকেয়া ভাড়া ৭৮ হাজার ৫০০ টাকা, সুদ ৪ হাজার ৭১০ টাকা এবং মামলার খরচ ১২ হাজার ৩৫৩ টাকা। বুধবার আদালতের নিযুক্ত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানঘরটি তালাবদ্ধ করে আদালতের নোটিশ টাঙিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জমির মালিক কোহিনূর রায় বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে তিনি ন্যায়বিচার পেয়েছেন। এজন্য তিনি আদালত ও তাঁর পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মামলায় বাদীপক্ষের হয়ে আইনি লড়াই পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট ঋষিকেশ নাথ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আদালতের রায় বাদীর পক্ষে আসায় আইনজীবী দলকেও ধন্যবাদ জানান কোহিনূর রায়।

আদালত স্পষ্ট জানিয়েছে, নির্দেশ বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি বা আইন অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মনগরের অন্যতম বাণিজ্যিক এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ধর্মনগর সেন্ট্রাল রোডের দোকানঘর দখলমুক্ত করার নির্দেশ আদালতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!