বিশালগড় প্রতিনিধি, দুরন্ত টিভি:
সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা বাধার মুখে পড়েন মধুপুর বাজার এলাকায়। বুধবার প্রশাসনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিসিএম-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
অভিযানের সময় দখলকৃত বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাঁদের পূর্বে কোনও নোটিশ দেওয়া হয়নি। তবে ডিসিএম জানান, ইতিমধ্যেই পরপর দু’বার নোটিশ জারি করা হয়েছে। তারপরও কেন সরকারি জায়গা দখল করে থাকা ১১৫টি দোকান সরানো হয়নি, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা দোকান সরানোর জন্য সাত দিনের সময় দাবি করেন। পরে উচ্চপর্যায়ে আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ফুটপাতে থাকা অস্থায়ী দোকানগুলো তিন দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে এবং স্থায়ী নির্মাণ বা বিল্ডিংসমূহ সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে।
প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে দখলমুক্ত না করা হলে সাত দিন পর প্রশাসন নিজেই ব্যবস্থা নেবে। প্রয়োজনে বুলডোজার ব্যবহার করে অবৈধভাবে দখল করে রাখা ১১৫টি দোকান ভেঙে ফেলা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মধুপুর বাজারে সরকারি জমি দখল করে প্রায় ১১৫টি দোকান ব্যবসা চালিয়ে আসছিল। এর ফলে বাজার এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছিল। সেই পরিস্থিতির প্রেক্ষিতেই প্রশাসন দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।

মধুপুর বাজারে সরকারি জমি দখলমুক্তে কড়া অবস্থান প্রশাসনের, সাত দিনের আল্টিমেটাম
