পার্থ সারথি দাস, ধর্মনগর, দুরন্ত টিভি:
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং বিগত বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ফয়জুর রহমানের স্মরণে মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর প্রাক্তন সদস্য ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়া সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্রনাথ, বিধায়ক রাজেন্দ্র রিয়াং, উত্তর জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দাস এবং ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক রতন রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত ফয়জুর রহমানের রাজনৈতিক জীবন, জনসংযোগ এবং দলীয় সংগঠন গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ ও কর্মপন্থাকে অনুসরণ করে মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

এদিনের স্মরণসভায় প্রায় সহস্রাধিক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা ও শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে।

ধর্মনগরে প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণ, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব
