বিলোনিয়ায় সৌন্দর্যায়নের ছোঁয়া, নতুন রূপে সাজছে বড়পাথরী-রাজনগর সড়কপথ

সমীর দেবনাথ, নিজস্ব প্রতিনিধি:
বিলোনিয়ার বড়পাথরী থেকে রাজনগর যাওয়ার পথে চলছে ব্যাপক সৌন্দর্যায়নের কাজ। রাস্তার দু’ধারের গাছগুলিকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে নান্দনিক পরিবেশ। নির্মাণ করা হচ্ছে বসার জন্য সুন্দর বিশ্রামস্থল, বসানো হচ্ছে ডাস্টবিনসহ প্রয়োজনীয় নাগরিক পরিকাঠামো। শুধু রাস্তা নয়, পুরো এলাকাকে পর্যটন উপযোগী করে তুলতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিলিয়ে এলাকাটিকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ জোরকদমে এগিয়ে চলছে। স্থানীয়দের অবসর যাপন ও পথচারীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে এই বসার জায়গাগুলি। একইসঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখতে ডাস্টবিন স্থাপন এলাকাটিকে আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে এই স্থানটিকে দারুণভাবে উন্নয়ন করা হচ্ছে। ধীরে ধীরে বড়পাথরী-রাজনগর সড়কপথ শুধু যোগাযোগের রাস্তা নয়, একটি মনোরম দর্শনীয় স্থান হিসেবেও গড়ে উঠছে। সৌন্দর্যায়নের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যেও উচ্ছ্বাস তৈরি করেছে। নতুন সাজে সেজে উঠছে বিলোনিয়ার এই গুরুত্বপূর্ণ পথ, যা আগামী দিনে পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!