“বাণিজ্যিকের বদলে ডোমেস্টিক গ্যাসে ব্যবসা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় উদয়পুরে”


“ডোমেস্টিক গ্যাসে চলছে বাণিজ্য—প্রশাসনের চোখের সামনেই আইন ভাঙার মহোৎসব!”

নিজস্ব সংবাদ প্রতিনিধি :

উদয়পুর শহরে প্রকাশ্যেই চলছে আইনের চরম লঙ্ঘন। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পরিবর্তে গৃহস্থালি ব্যবহারের জন্য বরাদ্দ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে অসংখ্য দোকান, হোটেল ও ফুটপাতের খাবারের স্টল। আর আশ্চর্যের বিষয়—সবকিছু জেনেও যেন রহস্যজনকভাবে নীরব রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে গোমতী জেলা হাসপাতাল চত্বরে। যেখানে প্রতিদিন হাজার হাজার রোগী ও সাধারণ মানুষের যাতায়াত, সেই হাসপাতালের চারপাশে গড়ে ওঠা টিফিনের দোকান ও ছোট হোটেলগুলো নির্দ্বিধায় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের একেবারে নাকের ডগায় দিনের পর দিন এই অবৈধ কার্যকলাপ চললেও যেন কারও চোখে পড়ছে না।

শুধু হাসপাতাল এলাকাই নয়—সেন্ট্রাল রোড, নিউটন রোড, মাতাবাড়ি, খিলপাড়া বাজার, জামজুরি, মহারানী এবং গোকুলপুর বাজারসহ উদয়পুরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় একই দৃশ্য। ফুটপাতের খাবারের দোকান থেকে বড় হোটেল—সব জায়গাতেই গৃহস্থালি গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যবসা চালানোর এক অঘোষিত সংস্কৃতি তৈরি হয়েছে।

নিয়ম অনুযায়ী বাণিজ্যিক কাজে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এতে একদিকে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু তবুও রহস্যজনকভাবে নীরব ভোক্তা বিষয়ক ও জনসংভরণ দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর এবং স্থানীয় প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন যদি মাত্র একদিন কঠোরভাবে অভিযান চালায়, তাহলে উদয়পুর শহরের বিভিন্ন দোকান ও হোটেল থেকে বিপুল সংখ্যক ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার উদ্ধার হবে। প্রশ্ন উঠছে—এই অবৈধ ব্যবসার পেছনে কি কোনও অদৃশ্য প্রভাবশালী শক্তি কাজ করছে, নাকি প্রশাসনের উদাসীনতাই এর মূল কারণ?

উদয়পুরবাসীর দাবি, অবিলম্বে শহরজুড়ে যৌথ অভিযান চালিয়ে এই বেআইনি কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। না হলে প্রশাসনের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে।

#DurantaTV
#UdaipurTripura
#GasCylinderScam
#IllegalBusiness
#TripuraNews
#AdministrationSilent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!