উদয়পুর, নিজস্ব সংবাদদাতা:
গ্যাসের দাম বাড়ার আগেই অনলাইনে পেমেন্ট করে বুকিং করা সত্ত্বেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ৬০ টাকা দাবি করার অভিযোগ উঠেছে উদয়পুর, বিশালগড় ও আগরতলার একাংশ গ্যাস এজেন্সির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ, অনেক গ্রাহকই গ্যাসের দাম বৃদ্ধির আগেই নির্ধারিত সরকারি মূল্যে অনলাইনে পেমেন্ট করে সিলিন্ডার বুকিং করেছিলেন। কিন্তু পরবর্তীতে ডেলিভারির সময় কিছু গ্যাস এজেন্সি অতিরিক্ত ৬০ টাকা দাবি করছে। গ্রাহকদের দাবি, এই অতিরিক্ত টাকা না দিলে অনেক ক্ষেত্রেই বাড়িতে সিলিন্ডার ডেলিভারি দিতে অস্বীকার করা হচ্ছে।

ভুক্তভোগী গ্রাহকদের প্রশ্ন, যখন সরকারি নির্ধারিত মূল্যে অনলাইনে সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে, তখন অতিরিক্ত অর্থ দাবি করার যৌক্তিকতা কোথায়? এ ধরনের আচরণ সম্পূর্ণভাবে ভোক্তা স্বার্থের পরিপন্থী বলেই মনে করছেন তারা।
এই ঘটনায় ইতিমধ্যেই প্রশাসনের নজর কেড়েছে বিষয়টি। গোমতী জেলার জেলাশাসকসহ খাদ্য, সিভিল সাপ্লাই ও ভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকদের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। সাধারণ মানুষের অভিযোগ, কিছু গ্যাস এজেন্সি নিয়ম বহির্ভূতভাবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এখন দেখার বিষয়, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় কতটা সক্রিয় ভূমিকা নেয়।
