বিশেষ প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক নাটকীয় পরিবর্তনের সাক্ষী হচ্ছে রাজ্য। তৃণমূল কংগ্রেসে ভাঙন, বিদ্রোহী শিবিরের উত্থান এবং নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যেই এবার জোর জল্পনা—তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সংগঠন NCPI কি শেষ পর্যন্ত সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছে?
রাজনৈতিক মহলে আলোচনা, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া লোকসভার বিদ্রোহী সাংসদরা ভবিষ্যতে সরাসরি বিজেপির সাংসদ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। বিশেষ করে ২১ জুলাইয়ের পর এ বিষয়ে বড় রাজনৈতিক ঘোষণা আসতে পারে বলেও বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে।

এর আগে তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁদের শূন্য হওয়া আসনে বিজেপির তরফে তাঁদেরই পুনরায় রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন বার্তা দিয়েছে। সেই প্রেক্ষাপটেই লোকসভা স্তরেও একই ধরনের পদক্ষেপ হতে পারে কি না, তা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।
তবে এই সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এ ধরনের জল্পনা তৈরি হয়েছে, সেটা থাকুক। এই মুহূর্তে এ বিষয়ে আমার কাছে কোনও নিশ্চিত তথ্য নেই। তাই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

যদিও এখনও পর্যন্ত NCPI-র বিজেপিতে যোগদান নিয়ে কোনও সরকারি ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবু রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিষয়টি নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। এখন নজর ২১ জুলাই-পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিকে।
