নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, দুরন্ত টিভি:
দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর অধীন কর্মরত সমস্ত অস্থায়ী লাইনম্যান অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন। এর জেরে বর্ষাকালে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কর্মবিরতিতে সামিল লাইনম্যানদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও তাঁদের জন্য কোনো ন্যূনতম জীবন বিমা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। অতীতে একাধিক কর্মী দুর্ঘটনার শিকার হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। পাশাপাশি বেতন বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তার দাবিও তুলেছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে কর্মবিরতির ফলে উদ্বেগ প্রকাশ করেছে বিদ্যুৎ দপ্তর। সাব্রুম সাব-ডিভিশনের সিনিয়র ম্যানেজার অসীম দাস জানান, অস্থায়ী লাইনম্যানরা কাজে না থাকায় বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্ষাকালে ঝড়-বৃষ্টি ও বিভিন্ন প্রাকৃতিক কারণে লাইনে ত্রুটি দেখা দিলে দ্রুত মেরামত করা কঠিন হয়ে পড়বে। ফলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে অচিরেই সমস্যার সমাধান না হলে সাব্রুম মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, কর্মীদের দাবি ও দপ্তরের অবস্থান— উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হলে সাধারণ মানুষের ভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
