মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভবানীপুর বাজারে সিপিআই(এম)-এর মিছিল ও সভা


নারায়ন বৈদ্য, দুরন্ত টিভি:

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে সিপিআই(এম) নিদয়া অঞ্চল কমিটির উদ্যোগে ভবানীপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন ভবানীপুর বাজার এলাকায় একটি মিছিল পরিক্রমা করার পর রাস্তার পাশে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় সভাপতিত্ব করেন সুভাষ দেব।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) সোনামুড়া মহকুমা সম্পাদক ও বামপন্থী বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য অধীর ভৌমিক। বক্তারা কেন্দ্রীয় সরকারের জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বলেন, এর প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ চাপে পড়লেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এবং জনমত গড়ে তুলতে ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন বাণিজ্যিক স্থানে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনেও এলাকার অন্যান্য বাণিজ্যিক কেন্দ্রগুলিতে একই ধরনের কর্মসূচি নেওয়া হবে। সংগঠনের দাবি, মূল্যবৃদ্ধির ইস্যুতে সাধারণ মানুষের সমর্থনও তারা পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!