পুকুরে বিষ দিয়ে প্রায় ৯০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ, জমি বিরোধ ঘিরে উত্তেজনা চেল্লাগাং এলাকায়
করবুক মহকুমার অধীন চেল্লাগাং থানার ১৪ কার্ড এলাকায় জমি ও পুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে।
অভিযোগ, পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৮০-৯০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছের অকাল মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুপুর দাস (পিতা: মৃত মনীন্দ্র কুমার দাস) দাবি করেন, তার আত্মীয় বিলাস দাস (পিতা: মৃত সত্য কুমার দাস) জোরপূর্বক পুকুর ভরাটের চেষ্টা করছেন।
নুপুর দাসের অভিযোগ, বাধা দিতে গেলে তাকে হুমকির মুখেও পড়তে হয়েছে।
ঘটনার জেরে তিনি চেল্লাগাং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অন্যদিকে বিলাস দাসের দাবি, পিতৃসম্পত্তির ভাগাভাগি এখনও সম্পূর্ণ হয়নি এবং জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে।
তার অভিযোগ, নুপুর দাস একতরফাভাবে সম্পত্তি ভোগ করছেন এবং মীমাংসায় আগ্রহ দেখাচ্ছেন না।
এদিকে চেল্লাগাং থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে।
ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য থানা, পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন উভয় পক্ষই।
