নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ ফেব্রুয়ারি —
সিপিআই[এম]-এর বর্ষীয়ান নেতা মাধব সাহা প্রয়াত। শনিবার বিকেলে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে দলীয় মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সিপিআই(এম)-এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, গোমতী জেলা ও উদয়পুর মহকুমার প্রাক্তন সম্পাদক এবং চারবারের বিধায়ক মাধব সাহার মৃত্যুতে সিপিআই(এম) গোমতী জেলা কমিটি ও উদয়পুর মহকুমা কমিটি গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় জানানো হয়, গোমতী জেলা ও উদয়পুর মহকুমায় কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার মধ্যেও তাঁর উপস্থিতি দলীয় নেতৃত্ব ও কর্মীদের অনুপ্রাণিত করত। শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলায় তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দল ও সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন মাধব সাহা। গত ৯ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ উদয়পুরে নিয়ে আসা হয় এবং সিপিআই(এম) উদয়পুর মহকুমা অফিসে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। রবিবার সকাল ১০টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর সময় নির্ধারণ করা হয়েছে। এরপর শহরে শোক মিছিল শেষে ছনবনস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং উদয়পুর ছনবন শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৫১ সালের ২২ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণ করেন মাধব সাহা। পরবর্তীতে তিনি উদয়পুরে বসবাস শুরু করেন এবং ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৭ সালে সিপিআই(এম)-এর সদস্যপদ গ্রহণ করে দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগঠনের বিভিন্ন স্তরে নেতৃত্ব দেন।
১৯৯৩, ২০০৩, ২০০৮ এবং ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে মাতাবাড়ি কেন্দ্র থেকে জয়ী হয়ে চারবার বিধায়ক নির্বাচিত হন মাধব সাহা। পাশাপাশি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের রাজ্য চেয়ারম্যান হিসেবে টানা দশ বছর দায়িত্ব পালন করেন। বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও গণসংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।
রাজ্যের রাজনৈতিক অস্থির সময়েও দৃঢ় ভূমিকা পালন করে দলীয় সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাধব সাহা। শারীরিক অসুস্থতার মধ্যেও শেষ সময় পর্যন্ত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে র রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ বিরাজ করছে।
