নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ ফেব্রুয়ারি : রাজ্যে প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের তরফে সংবাদমাধ্যমকে প্রকাশ্যে হুমকি এবং সাংবাদিকদের উপর আক্রমণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদয়পুরে কর্মরত সংবাদদাতা ও সাংবাদিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।
ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রকাশ্যে ত্রিপুরার প্রভাতী দৈনিক আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সনিত দেবরায়ের বিরুদ্ধে যেভাবে আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেছেন, তার তীব্র নিন্দা জানান উপস্থিত সাংবাদিকরা। তারা অভিযোগ করেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধের এই প্রবণতা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত।
শুধু তাই নয়, প্রতিবাদ সভায় বৈদ্যুতিন সংবাদমাধ্যম হেডলাইন ত্রিপুরা-র সম্পাদক প্রণব সরকারের সঙ্গে শাসকদলের বিধায়ক রঞ্জিত দেববর্মার আক্রমণাত্মক আচরণের ঘটনাও আলোচনায় উঠে আসে। সাংবাদিকদের বক্তব্য, ধারাবাহিকভাবে সংবাদকর্মীদের লক্ষ্য করে এই ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে।
প্রতিবাদ সভা থেকে সংবাদকর্মীরা স্পষ্টভাবে জানান, সংবাদমাধ্যমের উপর যেকোনো ধরনের চাপ, ভয় দেখানো বা হুমকির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নিজেদের দায়িত্ব পালনে আপসহীন থাকবেন।
এদিকে সাংবাদিকদের উপর এই ধরনের আক্রমণের ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তিনি প্রভাবশালী ব্যক্তিদের সতর্ক করে ক্ষমতার অপব্যবহার না করার নির্দেশ দেন এবং গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানানোর আহ্বান জানান।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জোরদার হচ্ছে বিভিন্ন মহলে।
