নিজস্ব সংবাদদাতা | কাঁঠালিয়া
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পরিচালিত বিশেষ অভিযানে যাত্রাপুর থানাধীন লেদ্রাবাড়ি ও কালিখলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় অভিযান চালানো হয়। তল্লাশির সময় বিভিন্ন স্থানে মজুত রাখা ২৭টি ড্রাম এবং ২টি বস্তার ভেতর থেকে মোট ৯৭৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মাদকদ্রব্য কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মতে, এই অভিযানের ফলে এলাকায় সক্রিয় মাদক পাচার চক্র বড় ধাক্কা খেয়েছে। মাদক পাচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে যৌথ বাহিনীর এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত হলে যুব সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
