সাব্রুমে ভুয়া ফেইসবুক সাংবাদিকতার দাপট, সোশ্যাল মিডিয়া পেজকে নিউজ চ্যানেল দাবি, সরকারি অফিসে হুমকির অভিযোগ, আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

বিজন চক্রবর্তী, সাব্রুম, ১৩ জুন ২০২৬: সাব্রুম মহকুমা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেইসবুক পেজকে ‘নিউজ চ্যানেল’ হিসেবে পরিচয় দিয়ে একশ্রেণির ব্যক্তির দাপট এবং ভুয়া সাংবাদিকতার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশন অফিসে অন্তর নন্দী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি কাজে বাধা, কর্মচারীদের হুমকি এবং তথ্য সংগ্রহের নামে হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন রুপাইছড়ি এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীর ত্রিপুরা।

রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশন অফিসের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমীর ত্রিপুরা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, অন্তর নন্দী নামক ব্যক্তিটি দীর্ঘদিন ধরে নিজেকে ‘সাব্রুম এক্সপ্রেস’ নামক একটি নিউজ চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি দপ্তরে দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি গলায় ওই প্রতিষ্ঠানের একটি আইডি কার্ড ঝুলিয়ে দপ্তরে প্রবেশ করেন এবং বিভিন্ন সরকারি তথ্য চাওয়ার আড়ালে কর্মচারীদের ওপর মানসিক চাপ সৃষ্টি ও হুমকি প্রদান করেন।
চেয়ারম্যানের অভিযোগ, তদন্ত করে দেখা গেছে ‘সাব্রুম এক্সপ্রেস’-এর কোনো বৈধ সংবাদ মাধ্যম বা নিউজ চ্যানেলের স্বীকৃতি নেই। এটি কেবল একটি ফেসবুক পেজ। তিনি প্রশ্ন তুলেছেন, একটি ফেসবুক পেজ কীভাবে নিউজ চ্যানেল হিসেবে পরিচিতি পায় এবং তার নামে কীভাবে আইডি কার্ড ইস্যু করা হয়?

সরকারের যথাযথ অনুমোদন বা নিবন্ধীকরণ ছাড়া কোনো ফেসবুক পেজকে ‘নিউজ চ্যানেল’ হিসেবে দাবি করা এবং তার নামে কার্ড ইস্যু করা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনো বৈধ মিডিয়া হাউজ বা রেজিস্টার্ড সংবাদ সংস্থা ছাড়া নিছক ফেসবুক পেজের নামে প্রেস কার্ড বা আইডি কার্ড তৈরি করা সম্পূর্ণ অবৈধ এবং এটি জালিয়াতি হিসেবে গণ্য হয়। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী ৪১৯ ও ৪২০ ধারায় ভুয়া পরিচয় বা পরিচয় গোপন করে সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়া, ভয় দেখানো বা জালিয়াতির আশ্রয় নেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ দায়ের করলে আইন অনুযায়ী জেল ও জরিমানার বিধান রয়েছে।

চেয়ারম্যান সমীর ত্রিপুরা স্পষ্ট জানিয়েছেন, সরকারি কাজে বাধা প্রদান এবং ভুয়া পরিচয়ে দাপ্তরিক কাজে হস্তক্ষেপের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখছেন। ভবিষ্যতে অন্তর নন্দী পুনরায় এ ধরনের কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সংবাদপত্রের নাম এবং স্বচ্ছতা বজায় রাখা গণতন্ত্রের জন্য জরুরি। ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে নিউজ চ্যানেল হিসেবে প্রচার করা যেমন অনৈতিক, তেমনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করাও অপরাধের পর্যায়ে পড়ে। প্রশাসনের উচিত অবিলম্বে এ ধরনের ভুয়া ফেইসবুক সাংবাদিক পরিচয়ধারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!