নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হলো নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠক। ‘বিকশিত ভারতের জন্য মানব পুঁজি’ (Human Capital for Viksit Bharat)—এই মূল ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়নের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে রাজ্য সরকার প্রশাসনিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়া এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে, রাজ্যের স্টার্টআপ সংস্কৃতি ও শিল্পবান্ধব পরিবেশ কীভাবে কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে, তা তিনি বিশদে ব্যাখ্যা করেন।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, সাহসী সংস্কার ও সম্মিলিত প্রচেষ্টার হাত ধরে ভারত আজ বিশ্বের তাবড় অর্থনীতিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার জাতীয় লক্ষ্যের সাথে ত্রিপুরাও যে সমান তালে পা মিলিয়ে চলছে, তা পুনরায় নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ‘বিকশিত ভারত @ ২০৪৭’-এর রূপরেখা বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি রাজ্যের করণীয় দিকগুলো চিহ্নিত করা।
