কাজের সন্ধানে ভারতে প্রবেশ, কমলাসাগর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি যুবক, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা | বিশালগড়, দুরন্ত টিভি, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত এলাকার দেবীপুর রাজারটিলা সংলগ্ন তারকাঁটা বেড়া অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার কয়েকজন যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

আটক দুই যুবকের পরিচয় হিসেবে জানা গেছে, তারা হলেন মোহাম্মদ আকাশ (২৪), পিতা আব্দুল রহিম আলী এবং বরাত আলী (১৮), পিতা মৃত জহিরুল ইসলাম। উভয়ের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার কাইমপুর এলাকায়।

স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক কাজের সন্ধানে ভারতে প্রবেশের কথা জানিয়েছে। তবে তাদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে মধুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে আসে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সীমান্তে কঠোর নজরদারি থাকার কথা থাকলেও কীভাবে অনুপ্রবেশ সম্ভব হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের মতে, স্থানীয়রা সতর্ক না থাকলে বড় ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারত।

তবে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলি ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের পরই অনুপ্রবেশের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

দুরন্ত টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!