ভয়াবহ মূল্যবৃদ্ধি: একলাফে ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, বিপাকে মধ্যবিত্ত, বাণিজ্যিক সিলিন্ডারের দামও বাড়লো ১১৪ টাকা


​নিজস্ব প্রতিবেদন, ৭ মার্চ ২০২৬: নতুন মাসের শুরুতেই সাধারণ মানুষের হেঁশেলে বড়সড় কোপ। শনিবার থেকে সারা দেশে রান্নার গ্যাসের (LPG) দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। এক ধাক্কায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়ল ৬০ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ গ্রাহকদের পকেটে টান পড়ার পাশাপাশি মধ্যবিত্তের বাজেটে ফের বড় ধাক্কা লাগল।
​তেল সংস্থাগুলোর নতুন তালিকা অনুযায়ী, ত্রিপুরায় এখন থেকে একটি ঘরোয়া সিলিন্ডার কিনতে গ্রাহককে খরচ করতে হবে ১০৭৩ টাকা। এর আগে এই সিলিন্ডারের দাম পড়তো ১০১৩ টাকা। শুধু ঘরোয়া নয়, ব্যাপক দাম বেড়েছে বাণিজ্যিক বা হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারেরও। আজ থেকে তার দাম বেড়েছে ১১৪.৫০ টাকা, যার ফলে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ছাড়ালো। উল্লেখ্য, চলতি মাসের ১ তারিখেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩১ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

গ্যাসের দাম বাড়ল ৬০ টাকা! ফের কি মধ্যবিত্তের রান্নাঘরে আগুন? একদিকে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, অন্যদিকে সাধারণের পকেটে টান। সংকট কি তবে বাড়ছেই?”


​কেন এই হঠাৎ দামবৃদ্ধি?
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত বা যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিশ্বজুড়ে জ্বালানি বাজারের ওপর গভীর প্রভাব ফেলেছে। অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজার দর চড়া হওয়ায় ভারতের বাজারেও তার সরাসরি প্রভাব পড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

মধ্যবিত্তের রান্নাঘরে অশান্তি, গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার।”


​উজ্জ্বলা গ্রাহকদের স্বস্তি:
তবে সাধারণ গ্রাহকদের দুশ্চিন্তার মাঝে কিছুটা স্বস্তির খবর হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, এই প্রকল্পের সুবিধাভোগীরা সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি আগের মতোই পাবেন। ভর্তুকির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে।
​গত কয়েক মাসে দফায় দফায় জ্বালানির এই মূল্যবৃদ্ধি যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে করে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এক লাফে রান্নার গ্যাসের এতটা দাম বৃদ্ধি কল্পনা করতে পারেনি জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!