সীমান্ত পার হওয়ার আগেই যাত্রাপুরে আটক ৩ বাংলাদেশি: নড়াইলের বাসিন্দাদের সোনামুড়া কোর্টে সোপর্দ

​নিজস্ব প্রতিনিধি, কাঁঠালিয়া, ১৬ই ফেব্রুয়ারি: ত্রিপুরার সিপাহীজলা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফেরার পথে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। সোমবার তাদের সোনামুড়া মহকুমা আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আতাউল শেখ, আজিজুর শেখ এবং স্বপ্না শেখ। তাদের সকলের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়।​

ঘটনার বিবরণ:রবিবার (১৫ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ বর্ধনের কাছে খবর আসে যে, থানা থেকে প্রায় ৬ কিমি দক্ষিণে নিদয়া পঞ্চায়েতের তিনডেবা চৌমুহনী এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। স্থানীয় গ্রামবাসীরা তাদের গতিবিধি দেখে আটকে রাখেন। খবর পেয়েই ওসির নেতৃত্বে পুলিশ ও টিএসআর-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।​

জেরায় চাঞ্চল্যকর তথ্য: পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, প্রায় চার বছর আগে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এতকাল তারা ভারতের ব্যাঙ্গালোর এলাকায় শ্রমিকের কাজ করত। সম্প্রতি তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে ত্রিপুরায় আসে। রবিবার রাতে কাঁটাতারের বেড়ার মাত্র ৫০০ মিটার দূরে থাকাকালীন স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়।​

যাত্রাপুর থানার ওসি সিতিকণ্ঠ বর্ধন জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) তাদের সোনামুড়া আদালতে পাঠিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও অবৈধ পারাপার রুখতে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!