নিজস্ব প্রতিনিধি, ১৬ ফেব্রুয়ারী : উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানী ও হীরাপুর এলাকায় এক উগ্র স্বভাবের পথ গরুর তাণ্ডবে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গত প্রায় এক মাস ধরে এই গরুর আক্রমণ ও তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গরুটি দিনের বেলা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বাড়ি ও বসত এলাকায় ঢুকে পড়ে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। বাড়ির উঠান, সবজি ক্ষেত নষ্ট করা থেকে শুরু করে ঘরের সামনে রাখা মোটরবাইক, অটো ও অন্যান্য যানবাহন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ৭০টিরও বেশি মোটরবাইক ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের।শুধু সম্পত্তির ক্ষতিই নয়, গরুটির আক্রমণে গত এক মাসে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হঠাৎ করেই মানুষ দেখলে হামলে পড়ছে এই গরু, ফলে শিশু, মহিলা ও বয়স্কদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাত্রিবেলা সবজি ক্ষেত নষ্ট করা, বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ সামগ্রী নষ্ট করা এবং চলাচলের পথে মানুষকে তাড়া করার ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন অনেকেই।এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত এই উগ্র গরুটিকে এলাকা থেকে সরিয়ে নেওয়া ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হয়েছেন মহারানী ও হীরাপুর গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের বক্তব্য, “এভাবে আর চলতে পারে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”বর্তমানে প্রশাসনের তৎপরতার অপেক্ষায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
