নারায়ণ বৈদ্য, কাঁঠালিয়া:
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা, কফ সিরাপ এবং একটি দেশি বন্দুক উদ্ধার করেছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, বুধবার গভীর রাতে খবর পাওয়া যায় যে থানাধীন বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতের মহরম আলী পাড়ার বাসিন্দা আক্তার হোসেনের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। খবরের ভিত্তিতে ওসির নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, রুমি আক্তার, টিএসআর জওয়ান এবং পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।

রাত প্রায় ৩টা নাগাদ আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে একটি প্লাস্টিকের ড্রামে রাখা ২০ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ বোতল এসকাফ কফ সিরাপ এবং একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি বাড়ির মালিক ২৪ বছর বয়সী আক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোড়ন দেখা দিয়েছে।
