কাগজে ২৪ ঘণ্টা, বাস্তবে ৭ ঘণ্টা—মাছলি স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা ঘাটতি নিয়ে ক্ষোভ, “রাত নামলেই বন্ধ স্বাস্থ্য কেন্দ্র, ২৪×৭ পরিষেবার দাবিতে পথে মানুষ”

লংতরাই ভ্যালি, ১৩ জুন: সরকারি নথিতে ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা চালুর উল্লেখ থাকলেও বাস্তবে মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিকেল ৪টার পর চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল এলাকার বাসিন্দারা। ‘তোমার আমার ক্লাব’-এর উদ্যোগে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রটি কাগজে-কলমে ২৪×৭ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত থাকলেও প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সীমিত সময় পরিষেবা দেওয়ার পর হাসপাতাল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে রাতের বেলায় জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রোগীদের দূরবর্তী হাসপাতালের ওপর নির্ভর করতে হয়, যা প্রত্যন্ত এলাকার মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করে স্বাস্থ্য কেন্দ্রে প্রকৃত অর্থে ২৪ ঘণ্টা পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে। ক্লাবের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, দ্রুত দাবিগুলি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন এলাকার মানুষ। এদিনের কর্মসূচিতে ক্লাবের সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। এখন স্বাস্থ্য দপ্তর বিষয়টি কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করে, সেদিকেই তাকিয়ে রয়েছে লংতরাই ভ্যালির মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!