সেতুর অভাবে দুর্ভোগে বিলোনিয়ার ধনচন্দ্র পাড়ার বাসিন্দারা, বাঁশের সাঁকো আর ভাঙা বৈদ্যুতিক খুঁটিই ভরসা, ঝুঁকি নিয়ে চলাচল করছে ৬০ পরিবার

সমীর দেবনাথ l বিলোনিয়া l দুরন্ত টিভি:

ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শিবপুর এডিসি ভিলেজের ধনচন্দ্র পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকার একমাত্র সড়কপথে দুটি ছড়ার উপর সেতু বা কালভার্ট না থাকায় প্রায় ৬০টি পরিবারের যাতায়াত কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে অধিকাংশ পরিবারই জনজাতি সম্প্রদায়ভুক্ত।

স্থানীয়দের অভিযোগ, হাট-বাজার, স্কুল, রাবার বাগান এবং কৃষিকাজে যাতায়াতের জন্য প্রতিদিন এই ছড়া পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে জঙ্গল থেকে কাটা বাঁশ এনে অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। অন্য একটি ছড়ার ক্ষেত্রে ভাঙা বৈদ্যুতিক খুঁটি বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

গ্রামবাসীদের দাবি, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুলগামী ছাত্রছাত্রীরা দুর্ঘটনার শিকার হয়, অনেক সময় হাত-পা ভাঙার ঘটনাও ঘটে। কৃষিজাত পণ্য পরিবহনেও চরম সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। ঋষ্যমুখ ব্লকের বিডিও, স্থানীয় এমডিসি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জনপ্রতিনিধিদের লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ হয়নি বলে অভিযোগ।

গ্রামবাসীরা জানান, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জিও-ট্যাগিং করা হলেও পরে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট তহবিল থেকে সেতু নির্মাণ সম্ভব নয়। এ ক্ষেত্রে মহকুমা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলেও জানানো হয়েছে।

দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, অচিরেই ছড়ার উপর সেতু বা কালভার্ট নির্মাণ করে রাস্তা চলাচলের উপযোগী না করা হলে তারা বৃহত্তর আন্দোলন ও পথ অবরোধের মতো কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!