নিজস্ব প্রতিনিধি I দুরন্ত টিভি I আগরতলা:
ত্রিপুরার সংস্কৃতি জগতের পরিচিত মুখ পঞ্চালী দেববর্মাকে নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার (NEZCC), দিমাপুর-এর বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে মনোনীত করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রক।

সংস্কৃতি মন্ত্রকের জারি করা এক সরকারি আদেশ অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের আটটি সদস্য রাজ্য থেকে একজন করে বিশিষ্ট ব্যক্তিত্বকে NEZCC-র বোর্ড অব গভর্নর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকায় ত্রিপুরা থেকে স্থান পেয়েছেন পঞ্চালী দেববর্মা।
পরবর্তী পর্যায়ে NEZCC কর্তৃপক্ষ ২৬ মে ২০২৬ তারিখে পৃথক চিঠির মাধ্যমে পঞ্চালী দেববর্মাকে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নের বিষয়টি জানায়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশোধিত মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা ৪(১১) অনুযায়ী তাঁকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে এবং তাঁর মেয়াদ হবে দুই বছর।


বোর্ড অব গভর্নর্স NEZCC-র নীতি নির্ধারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকনির্দেশনা এবং উত্তর-পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মনোনয়নের মাধ্যমে ত্রিপুরার সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রতিনিধিত্ব জাতীয় স্তরে আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার (NEZCC) ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সাংস্কৃতিক সংস্থা, যা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি পরিচালনা করে।
