উদয়পুর স্পোর্টস কমপ্লেক্সে রঞ্জিত সিংহ রায় স্মৃতি ক্রিকেট ফাইনালে বিশৃঙ্খলা

স্টাফ রিপোর্টার, ১৫ ফেব্রুয়ারী: উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত তৃতীয় রঞ্জিত সিংহ রায় স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হয় ইয়ুথ ক্লাব ও অজয় ইলেভেন।ম্যাচের শুরুতে টসে জিতে অজয় ইলেভেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সময়ে তারা ব্যাট হাতে নেমে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ইনিংস গড়ে তোলে। দলের ব্যাটসম্যানরা ধৈর্য ও দক্ষতার সঙ্গে খেলতে থাকেন এবং শেষ পর্যন্ত ১৭৪ রানের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য দাঁড় করান প্রতিপক্ষের সামনে।

লক্ষ্য তাড়া করতে নেমে ইয়ুথ ক্লাবের শুরুটা মোটেও আশানুরূপ ছিল না। মাত্র ৩ রান তুলতেই তারা গুরুত্বপূর্ণ উইকেট হারায়। অজয় ইলেভেনের এক বোলারের করা সেই আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক।ইয়ুথ ক্লাবের অধিনায়ক রিয়াজ উদ্দিন আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি নিয়ে মাঠেই তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় দলের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনার পর ইয়ুথ ক্লাবের একাধিক খেলোয়াড় মাঠে প্রবেশ করলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আয়োজক কমিটির সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই দলের খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন।

পরবর্তীতে খেলা পুনরায় শুরু হলে শেষ পর্যন্ত অজয় ইলেভেন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স হয় ইয়োথ ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!