বিক্রম দেবনাথ, শান্তিরবাজার প্রতিনিধি, দুরন্ত টিভি :
দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু কৃষি উৎকর্ষ কেন্দ্রে বৃহস্পতিবার কৃষকদের সক্ষমতা বৃদ্ধি ও ইনপুট সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ (আইসিএআর)-এর পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্র, পাটনা এবং বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্র, দক্ষিণ ত্রিপুরার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআর, পাটনার বিজ্ঞানী ড. বিশ্বজিৎ দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ইঙ্গিতা গোহাইনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ ও উদ্যানভিত্তিক পুকুর চাষ: একটি সম্প্রসারণযোগ্য কৃষি ব্যবসা মডেল’ শীর্ষক এই কর্মসূচিতে কৃষকদের আধুনিক মৎস্য ও কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলা কৃষকেরা নিজেদের অভিজ্ঞতা ও মতামতও তুলে ধরেন।

গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং আয়ের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে এলাকার বহু কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে মাছের চারা পোনা, চুন, মাছের খাদ্য এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

